বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বিরোধীদের শান্তিপূর্ণ সমাবেশ-আন্দোলনে বাধা দিয়ে সরকার ও সরকারি দল গোটা রাজনীতিকেই সহিংস করে তুলছে। বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার পথে ঠেলে দিতে ক্রমাগত সরকার ও সরকারি দল ক্রমাগত উসকানি দিয়ে চলেছে।’
বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক বিরোধীদের আন্দোলন দমন করতে যেয়ে তারা এক ধরনের পোড়ামাটি নীতি অনুসরণ করে আসছে। বিরোধীদের সমাবেশ-মহাসমাবেশের আগে বাসসহ গণপরিবহন বন্ধ করে দিয়ে অঘোষিত হরতাল পরিস্থিতি তৈরি করছে এবং জনভোগান্তি বাড়িয়ে তুলছে।’
তিনি আন্দোলন সফল করতে উপযুক্ত সমঝোতার ভিত্তিতে রাজপথে বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্টির ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর কমিটির সদস্য আকবর খান, মোহাম্মদ সালাউদ্দিন, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ রিয়েল, জোনায়েদ হোসেন, পার্টির কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন রশীদ মাহমুদ প্রমুখ।









