বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশের মৃত্যুর ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, 'ফারদিনের মৃত্যুকে কেন্দ্র করে তার প্রেমের সম্পর্কসহ মাদক গ্রহণের অভিযোগ আনা হলেও প্রায় একমাস পর ডিবি ও র্যাবের পক্ষ থেকে এখন বলা হচ্ছে ফারদিন আত্মহত্যা করেছে। এমনকি ফারদিনের মাদক নেওয়ার অভিযোগের পর নারায়ণগঞ্জের চনপাড়ায় শাহীন নামের একজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। বলা হচ্ছিল, ফারদিন মাদক কারবারের সঙ্গে জড়িত; মাদক সংগ্রহ করতে গেলে ফারদিনের সাথে হাতাহাতির জেরে শাহীনের নেতৃত্বে তাকে খুন করা হয়।'
বিবৃতিতে আরও বলা হয়, 'দ্বিতীয়ত, প্রেমের সম্পর্কের কারণে ফারদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমন দাবি করা হয়েছিল। ফারদিনের বন্ধুকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ, নেওয়া হয় রিমাণ্ডে। অন্যদিকে ময়নাতদন্ত শেষে আমরা জানতে পারি বুকে আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। ফারদিনের মাথায় বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছিলেন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ। পুলিশ ও র্যাবের একেক সময়ের ভিন্ন ভিন্ন বক্তব্য জনগণের মাঝে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করেছে। তাই আমরা ফারদিন নূর পরশের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।'









