গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন জ্বলছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেট দায়ী, সরকারের দুর্নীতি দায়ী।
শনিবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র্যাব হেফাজতে সুলতানা জেসমিন মৃত্যুর বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, ‘মানুষের দুর্দশা ও কষ্টের কথাগুলো যখন গণমাধ্যমে আসছে, তখন সরকার সম্ভাব্য জনরোষের ভয়ে ভীত হয়ে গণমাধ্যমকে দমনে উঠেপড়ে লেগেছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে এই দমনের হাতিয়ারে পরিণত করেছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন– গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, নারী সংহতির কেন্দ্রীয় নেতা পপী রানী সরকারসহ নেতারা।








