ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বর্তমানে কোনও দলে প্রকৃত রাজনীতি নেই। রাজনৈতিক দলগুলো মূলত দলাদলির রাজনীতিতে ঢুকে গেছে। রাজনৈতিক বাস্তবতা জনগণের পক্ষে নয়। জনগণ বিশ্বাস করে—এই দেশে ভালো কিছু হতে পারে না, এর দায় রাজনীতিবিদদের।
সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির আয়োজনে এক সভায় আবুল কাশেম ফজলুল হক এসব কথা বলেন। ‘ঐতিহাসিক গণপ্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ’ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘মানুষকে জাগানোই এখন বড় রাজনীতি। আজ বাংলাদেশের স্বাধীনতার প্রকাশ্য ঘোষণা দিবস। ১৯৭১ সালের এই দিনে আমরা দেশকে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি, যার মাধ্যমে আমরা মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি। আমরা পাকিস্তানি শক্তিকে পরাজিত করবো—এমন একটা প্রতিশ্রুতি নিয়েই ঘোষণা করা হয়েছে স্বাধীনতার। ১৭ এপ্রিলের সরকার জনগণের মুক্তির জন্য তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে।’
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দিক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘আমাদের মানুষের মৌলিক অধিকারের রাজনীতি করার কথা ছিল। কিন্তু আমরা দেখছি, উন্নয়নের নামে সরকার গরিবের টাকা দিয়ে তার দলীয় লোকদের পকেটের উন্নয়ন করছে। ১০ টাকায় চাল খাওয়াবে বলে সেই চাল ৮০ টাকায় খেতে হচ্ছে। দেশের সাধারণ জনগণ দিন দিন ভুখানাঙ্গা থাকছে। জনগণের দায়িত্ব কার?’









