জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।
শুক্রবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে উইঘুর মুসলিমদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ডোপ্পা দিবস’ উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ ও আলোচনা সভায় সংগঠনটির নেতারা এই আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর-ই-শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘চীন সরকার সর্বসমক্ষে বুক চিতিয়ে বিশ্ববাসীর নাকের ডগায় উইঘুর মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্ববাসী চীনের কাছে যেন অসহায়, এমন ভূমিকা পালন করছে। মুসলিম বলে এমন মানবাধিকার লঙ্ঘনের কোনও বিচার হবে না এটা মেনে নেওয়া যায় না।’
এ সময় তিনি জাতিসংঘসহ বিশ্ব মোড়ল রাষ্ট্রগুলোকে উইঘুর মুসলিমদের নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাড. খায়রুল আহসান বলেন, ‘চীনের দানব সরকার উইঘুর মুসলিমদের রক্তে তার হাত রঞ্জিত করেছে। মুসলিমদেরকে সঠিকভাবে ইসলামের বিধি বিধান পালন করতে দিচ্ছে না। চীন সরকার ডিটেনশন ক্যাম্পে আটককৃত প্রায় ২১ লাখ উইঘুর মুসলিমদেরকে হত্যা, নির্যাতন, ধর্ষণসহ চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। অথচ জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশ তথা মুসলিম দেশগুলোর সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামি প্রগতিশীল জনতা ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান প্রমুখ।








