প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলের পূর্ব ঘোষিত কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরে চরমোনাই পীরের নেতৃত্বে মিছিলটি শান্তি নগরে পুলিশি ব্যারিকেডে মুখে পড়ে।
শান্তিনগরে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। সেখানে পুলিশ মিছিল প্রতিরোধ ব্যারিকেড দেয়। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে মিছিলটি ব্যারিকেডের মুখে পড়ে সেখানেই শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বারবার প্রমাণ করেছে আমরা শান্তিপ্রিয়। আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। প্রশাসন আমাদের বাধা দিয়েছে।’
তিনি বলেন, ‘একটি কথা মনে রাখতে হবে– যখন জোয়ার আসে, তাকে বাধা দিয়ে থামানো যায় না। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাবো। জালেমদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সত্যের বিজয় হবেই। অন্যায়ের প্রতিবাদে সত্যবাদীরা যখন মাঠে নেমেছে তখন সব অন্যায় মাঠ থেকে উপড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।’









