বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অভিযোগ করেছে, ‘সরকার ও সরকারি দলের জেদ, অহমিকা ও অবিমৃষ্যকারী ভূমিকা দেশের বিপদ বাড়িয়ে তুলছে; দেশে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশঙ্কা বৃদ্ধি করছে।’ সরকারের পদত্যাগ ঘোষণা দিয়ে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (২৩ জুন) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এসব কথা উল্লেখ করা হয়। এদিন দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হওয়া কেন্দ্রীয় কমিটির দুদিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয়।
রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের একগুঁয়ে মনোভাবই সংঘাত-সংঘর্ষের পরিস্থিতি ডেকে আনছে। এর দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। প্রস্তাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে আর একটি একতরফা নীলনকশার নির্বাচনি তামাশার কোনও অবকাশ নেই।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, সিকদার হারুন মাহমুদ, শহীদুল আলম নান্নু সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।









