ইসলামীক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, রাস্তা বন্ধ করে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক কর্মসূচি কোনও সচেতন মানুষের কাম্য হতে পারে না। একইদিনে আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কর্মসূচি ঘিরে জনমনেও কিছুটা আতঙ্ক ও ভয় কাজ করছে। এই সংকট উত্তরণে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর কলাবাগানে আয়োজিত দলের এক সভায় একথা বলেন এম এ আউয়াল। সভায় পার্টির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এম এ আউয়াল বলেন, ‘রাজপথ দখল করে রাজনৈতিক কর্মসূচির কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। মানুষের ভোগান্তির শেষ নেই। জাতীয় অর্থনীতিতে এর পড়ছে প্রভাব।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের তিনি বলেন, ‘সাংবিধানিক ধারা মেনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচন হবে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকার শুধু কমিশনকে সহায়তা করবে। ওই নির্বাচনেই অংশ নেবে ইসলামী গণতান্ত্রিক পার্টি।’








