বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ গণমিছিল কর্মসূচি থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন জোটের নেতা ও প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান। এ সময় তিনি দেলোয়ার হোসেন সাঈদী ছাড়াও পিলখানা ও শাপলা চত্বরের ঘটনারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) বিক্ষোভ মিছিল আয়োজন করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। মিছিলের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
তিনি বলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কাশিমপুর কারাগারে ছিলেন। তাকে বলা হলো, চেকআপ করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে নেওয়া হলো, সেখান থেকে রেফার করা হয়েছে পিজি হাসপাতালে। তিনি যখন পিজি হাসপাতালে গাড়ি থেকে নেমেছেন, তখন তার মুখে হাসি ছিল। তিনি অসুস্থ ছিলেন না। তারপর তাকে কার্ডিওলজি বিভাগে নেওয়া হলো। তার চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যকে। তার নার্স সাঈদীর মৃত্যুর ঘটনার ভিডিও প্রকাশ করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোটের সহকারী সমন্বয়কারী অ্যাড. মাইনুদ্দীন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোটের নেতা প্রিন্সিপাল ওমর ফারুক, জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক অহিদুল প্রমুখ। সমাবেশ শেষে তারা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে তাদের কেন্দ্রীয় কার্যালয় গিয়ে তা শেষ করেন।









