লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমান সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনতিবিলম্বে তার লিভার পরিবর্তন করা জরুরি। তিনি বলেন, ‘অপ্রত্যাশিতভাবে যেকোনও সময় বিনা চিকিৎসায় তিনি মারা যেতে পারেন। তিনি মারা গেলে সরকারকে জবাবদিহি করতে হবে। জনগণকে মোকাবিলা করতে হবে। হয়তো অনেকের পিঠের চামড়াও থাকবে না। সাবধান, বেশি দেরি করা উচিত হবে না।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং সংবিধানকে কার্যকর করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা বহুদিন থেকে সরকারকে সতর্ক করে বলে আসছি যে, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, সুশাসন নাই, ন্যায়বিচার নাই। দেশের জনগণ পুলিশ ও মাস্তানদের হাতে জিম্মি এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। মানুষ মৌলিক অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। দিনের বেলা নির্বাচন হয় না।’
সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ।









