অবিলম্বে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মুসলিমদের হত্যা বন্ধ ও ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান চেয়েছে জাকের পার্টি। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে ২৮ অক্টোবর ঘিরে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তা নিরসনে বৃহৎ দুটি রাজনৈতিক দলকে সংঘাতের পথ পরিহারের আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বনানী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ইসলামী সমাবেশ থেকে এ আহ্বান জানায় জাকের পার্টি। একই সময়ে দেশব্যাপী সব জেলা ও মহানগরে অনুষ্ঠিত ইসলামী জনসভা করা হয়েছে বলেও জানিয়েছে দলটি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাকের পার্টি এবং সহযোগী সংগঠনগুলোর ইসলামী সমাবেশে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ফিলিস্তিনের গাজায় যেভাবে অবরুদ্ধ করে মুসলমানদের হত্যা করা হচ্ছে, তা এতো নির্মম ও নিষ্ঠুর— অথচ তা বিশ্ব বিবেককে কাঁদায় না। ওষুধ, পানি, খাদ্য, বিদ্যুৎ সব বন্ধ করে দিয়ে তিলে তিলে হত্যা করা হচ্ছে গাজার শিশু, কিশোর থেকে শুরু করে সর্বস্তরের নিরীহ মানুষকে। কিন্তু পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলোর শাসকদের পক্ষ থেকে কোনও প্রতিকার নেই, প্রতিবাদ নেই, সমাধানের পদক্ষেপ নেই।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, কাজী রাশিদুল হাসান রাশেদ, মুফতী শরীফুল ইসলাম সাঈফী প্রমুখ।









