সরকারের পদত্যাগসহ অন্যান্য দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে (বিজয় চত্বর) থেকে মিছিল শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয় মিছিল।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জোট নেতারা বলেন, দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ ও গণবিরোধী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের মতের বিরুদ্ধে গিয়ে আরেকটি পাতানো নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ সরকারের এমন হটকারী সিদ্ধান্ত দেশের জনগণের প্রধান প্রতিপক্ষ।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে আটকে রাখার তীব্র নিন্দা জানিয়ে জোটের নেতারা বলেন, এ ধরনের গণ-গ্রেফতার চালিয়ে আরেকটি নির্বাচন করার খেলা দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না। এ জন্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর উদ্দেশে বিএনপি নেতা এবং বিএনপি পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাদের ভয়ভীতি ও লোভ-লালসা দেখিয়ে নির্বাচনে নিয়ে আসার অশুভ খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রমুখ।









