জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ আবারও আগুন সন্ত্রাসে মেতে ওঠেছে। এর আগেও তারা গানপাউডার দিয়ে চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। দেশে আগুন সন্ত্রাস কারা করে জাতি তা জানে। সরকার নিজেরা নাশকতা করে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে সরকার পদত্যাগের একদফা দাবিতে বিরোধী দলগুলোর ডাকা হরতালের সমর্থনে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ফরহাদ বলেন, সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী নাশকতার তদন্ত না করেই বিএনপির ওপর দোষারোপ করে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের রক্ষা করে।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলো লাশের ওপরে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ লাশের ওপর ভর করে যেভাবে ক্ষমতায় গেছে, এখন লাশের ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।
মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান প্রফেসর ড. নূরুল আলম বেপারী, মহাসচিব শাহ মোহাম্মদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন, জাগপার কেন্দ্রীয় নেতা মো. আবুল হোসেনসহ সমমনা জোটের নেতাকর্মীরা অংশ নেন।









