বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, চলমান রাজনীতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবকিছু আল্লাহ তাআলার হাতে, তিনিই সবচেয়ে বড় বিচারক।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে বনানীর থানায় নাশকতার এক মামলার রিমান্ড শুনানিতে তিনি একথা বলেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া আন্দালিভ রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পার্থের পক্ষের আইনজীবী আলী বাশার ও ডেভিডের পক্ষে ফারুক আহাম্মদ রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে শুনানি করেন। এরপর পার্থের আইনজীবী আদালতকে জানান, পার্থ আদালতকে কিছু বলতে চান। আদালত অনুমতি দেন।
আদালতে পার্থ বলেন, ‘আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে, তাদের দেখে যেন আরও ১০টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে। আমরাও চাই, আইনের শাসন হোক। রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ। সুষ্ঠু রাজনীতি থাকলেও দেশ বাঁচবে।’
তিনি আরও বলেন, ‘রাতারাতি কোনও কিছু পরিবর্তন হয় না। এরপর আদালত তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিভ রহমান পার্থকে আটক করা হয়।









