জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে যে রূপকল্পের কথা বলা হয়েছে— এবি পার্টি তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি, তা দূর করে অবিলম্বে সরকারের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানান দলের নেতারা।
সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছুটা বিলম্বে হলেও জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে এবি পার্টি।
সংবাদ সম্মেলনে বলা হয়, মনে হচ্ছে সরকারকে বিব্রত ও ব্যর্থ করার জন্য পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্র চলছে। এবি পার্টি মনে করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমন্বয় না থাকলে গভীর সংকট সৃষ্টি হতে পারে। তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার ভাষণে যে রূপকল্পের কথা বলা হয়েছে, তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়ে এবি পার্টির নেতারা বলেন, প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা অবিলম্বে দূর করতে হবে। পুলিশ, বিচারাঙ্গন ও বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের দায়িত্বশীল পদগুলোতে যোগ্য লোকদের পদায়ন করে সরকারের কার্যক্রমকে গতিশীল না করলে, মানুষের মাঝে হতাশা ও অনাস্থার পরিবেশ তৈরি হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এবি পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা একটি ভিশনারী বক্তব্য দিয়েছেন, আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে তিনি বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করবেন।
আব্দুল ওহাব মিনার বলেন, সরকার উদারতার পরিচয় দিয়েছে। তারা কাজ করার চেষ্টা করছে। আমরা সমর্থন করছি। আশা করি, তারা বন্যার্তদের পুনর্বাসনে যথাযথ ভূমিকা রাখবে।








