ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা ভারতের সঙ্গে যত গোপন চুক্তি করেছেন, তা জনসম্মুখে প্রকাশ করে চুক্তিগুলো বাতিল করতে হবে। শেখ হাসিনার সরকার কেবল নিজেদের আখের গোছাতে দেশকে ভারতের করতলে নিয়ে গিয়েছিল। এখন ভারতের রাহু মুক্তি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং ভালমন্দ বিশ্লেষণ করে চুক্তিগুলো বাতিল করুন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘ভারতের স্বার্থে কোনও চুক্তি হতে পারে না। শেখ হাসিনা এ জন্যই বলেছিলেন, ‘‘আমি ভারতকে যা দিয়েছি-ভারত আজীবন মনে রাখবে।’’ এসব চুক্তির কারণে ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ মানতেই নারাজ। আমাদের সঙ্গে ভারতের আচরণ ছিল নেহায়েত খারাপ।’
বিবৃতিতে রেজাউল করীম বলেন, ‘সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে যুদ্ধের হুমকি দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু ভারত যদি আগ বাড়িয়ে আমাদের ওপর আক্রমণ করতে চায়, তাহলে এ দেশের ১৮ কোটি মানুষ জীবনের বিনিময়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।’









