কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট তানজিম সারোয়ার নিহতের ঘটনায় শোক জানিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্য দায়িত্ব পালনকালে তিনি জীবন উৎসর্গ করেছেন। তার এই আত্মত্যাগকে জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণে করবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুলশানের দলীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসা সহযোদ্ধাদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন। তিন পার্বত্য জেলাসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করতে হবে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ড, অস্ত্রের মহড়া দিয়ে হত্যাচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী অপতৎপরতায় জড়িতদের আটক করতে এসময় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তাসহ যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, কল্যাণ পার্টির সাবেক মহাসচিব এম. এম আমিনুর রহমান, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, কেন্দ্রীয় নেতা এস. এম. কামরুল হাসান ফরিদ, প্রদ্যুৎ রায়, মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।









