নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এখনও নিরাপদে আছেন বলে জানিয়েছেন রাজনৈতিক প্লাটফর্ম ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আলী আহসান জুনায়েদ লিখেছেন, সারজিস, নাসিরের সাথে কথা হয়েছে। নাহিদ, হাসনাত ও আখতারকে মেসেজ করেছি। হামলা চলছে। পরিস্থিতি খারাপ শুনলাম। এখনও সবাই নিরাপদ, কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। এই হামলার বিহিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, রাষ্ট্রে বিপ্লবী সংস্কার ছাড়া সামনে এগোনোর কোনও পথ নেই।
এই হামলা চারটি বাস্তব সংকেত দিচ্ছে-
১. পুলিশ সংস্কার হয়নি, তাই পুলিশ বসে থেকে হামলা দেখছে।
২. লীগের বিচার শুরু হয়নি, তাই গোপালগঞ্জ এখনও ফ্যাসিবাদের ঘাঁটি।
৩. ইন্টেরিম সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।
৪. সংস্কার বাদ দিয়ে রাজনীতি করার প্রতি বেশি আকর্ষণ থাকায় ৫ আগস্টের আগের পরিস্থিতিই বহাল আছে।
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানকে রূপ দিতে হবে পূর্ণ বিপ্লবে। নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে আপামর ছাত্র-জনতার আত্মত্যাগের বিপ্লবী রঙে। আমরা থামছি না, ইনশাআল্লাহ।









