ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বৈরাচার পতন দিবসে’ স্বাধীনতাবিরোধীদের স্মরণ করে তাদের ছবি সংবলিত ব্যানার তৈরি করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচিতে টিএসসিতে স্বাধীনতাবিরোধীদের ছবি সংবলিত পোস্টার দেখা যায়।
সরজমিনে দেখা যায়, টিএসসির অভ্যন্তরে সবুজ মাঠের একটি ব্যানারে দেওয়া হয়েছে স্বাধীনতাবিরোধী মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলওয়ার হোসেন সাঈদীসহ একাধিক ব্যক্তির ছবি। ৫ আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দাবি করলেও এদিন স্বাধীনতাবিরোধীদের স্মরণ করে সমালোচনায় এসেছেন তারা।
পাশাপাশি টিএসসির সবুজ চত্বরে তৈরি করা হয়েছে প্রতীকী গণভবন যার নাম দেওয়া হয়েছে ‘ফতেহ গণভবন’। নির্মাণ করা হয়েছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’।
এছাড়া জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি ও স্লোগান দিয়ে তৈরি করা হয়েছে প্রদশর্নী। যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাইদসহ শহীদদের ছবি।
আরও রয়েছে শেখ হাসিনা, বিচারপতি মানিক, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক স্বৈরাচারী সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি।









