জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ বা গণভোটের পক্ষে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, এ সরকারের সময়ে জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে নির্বাচিত সরকারের সময় পাওয়া নিয়েও সংশয় রয়েছে। তাই আমরা গণভোট, গণপরিষদ বা সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এর বৈধতা চেয়েছি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সনদ বাস্তবায়নে চার প্রস্তাব
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যেতে পারে; যদিও এটিরও সীমাবদ্ধতা রয়েছে; কারণ তা প্রকৃতিগতভাবে অ্যাডভাইজরি; গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে জনগণের ইচ্ছা ও মতামতের প্রতিফলন ঘটবে।
এছাড়াও গণপরিষদ গঠনের মাধ্যমেও এটি বাস্তবায়ন করা যেতে পারে।
এবি পার্টির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন আনা জরুরি। এটি গণভোট অথবা সংস্কার হওয়া গণপরিষদের মাধ্যমেই সম্ভব। না হয় সাংবিধানিক চ্যালেঞ্জ হতে পারে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক এবং জলবায়ু ও সমুদ্র বিষয়ক সম্পাদক সারোয়ার সাঈদ।









