আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (মতিঝিল-শাহবাগ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্য ধরে রাখতে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে তিনি এই ছাড় দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ড. হেলাল উদ্দিন আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী সেই পোস্টটি শেয়ার করে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
ড. হেলাল লেখেন, “দেশ গঠনের বৃহত্তর স্বার্থে ও জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্যের জন্য কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি আন্তরিক সমর্থন জানাচ্ছি। ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মন থেকে শুভকামনা রইলো।”
ড. হেলাল তার পোস্টে আবেগী কণ্ঠে লেখেন, “ঢাকা-৮ আসনটি আরেক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এই আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন শহীদ ওসমান বিন হাদি। আমি নিজে একজন জুলাইযোদ্ধা। সেই অবস্থান থেকে শহীদ হাদির মতোই জুলাইয়ের আরেকজন সম্মুখ সারির যোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীকে এই আসন দেওয়ায় তাকে স্বাগত জানাই।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর সময় গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








