আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক বলেছেন, “এ এলাকার ছোট-বড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার। আমি কোদাল মার্কায় নির্বাচিত হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে চাঁদাবাজদের প্রতিরোধ করা হবে।”
তিনি বলেন, “এই আসনে কোদাল মার্কার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা ভোটের গণসুনামিতে রূপ দিতে হবে।”
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি প্রচারণার দশম দিনে তেজগাঁওয়ের তেজকুনী পাড়া এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, “বিগত দিনে জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে। কিছু সুবিধাভোগী গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় হলেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
তিনি বলেন, “কোদাল শুধু একটি প্রতীক নয়, এটি উৎপাদন, উন্নয়ন ও সভ্যতা বিনির্মাণের হাতিয়ার।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ভোটারদের ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্রগুলো পাহারা দিতে হবে।”
সাইফুল হক বলেন, “১২ ফেব্রুয়ারি কোদাল বিজয়ী হলে এখানকার জনগণ কোনও সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে না। আমি চাই মানুষ ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার গঠন করুক।”
জনসংযোগে উপস্থিত ছিলেন কোদাল মার্কার প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, এল রহমান, ইঞ্জিনিয়ার মিরাজ হায়দার আরজু, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।









