ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলের জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরার জসিমউদ্দীন রোডের আরএকে টাওয়ারের সামনে থেকে তিনি প্রচারণা শুরু করেন। এরপর রাজলক্ষ্মী এলাকার কুশল সেন্টারসহ বিভিন্ন বাণিজ্যিক ভবনে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের আরিফুল ইসলাম বলেন, “প্রচারণায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের জোট ঘোষণার পর থেকেই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মানুষ এখন পরিবর্তন চায় এবং একটি নতুন ও পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখছে।”
নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমার কর্মী ও সমর্থকদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আমাদের নারী সদস্যদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। এতে করে স্বাভাবিক নির্বাচনি কার্যক্রম ব্যাহত হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটলেও এবং হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। হামলাকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দল (বিএনপি) লোক দেখানো ব্যবস্থা নেওয়ার কথা বললেও ওই ব্যক্তি এখনও প্রকাশ্যেই ওই দলের প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছে।”
উত্তরার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে আরিফুল ইসলাম ‘মসজিদুত তাকওয়া’-তে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী ও আরিফুল ইসলামের সমর্থকরা উপস্থিত ছিলেন।









