ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগ গত ২৮ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালন করেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইউল্যাব সংস্কৃতি সংসদ পরিবেশিত নজরুল সংগীত এবং ‘সমকালে নজরুলের প্রাসঙ্গিকতা’ বিষয়ে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মজিদ মাহমুদ। নজরুলের জীবন, বেড়ে ওঠা, তৎকালীন বাস্তবতা, অসাম্প্রদায়িক ভাবনা, মানবতাবাদ, স্বাধীকার চেতনা, নারী ভাবনা প্রভৃতি বিষয় উপস্থাপন করেন তিনি। বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, প্রশ্ন-উত্তর ও আলোচনায় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কবি নজরুলের চিন্তা-চেতনা ও কাজের গুরুত্ব ফুটে ওঠে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। তিনি তার বক্তব্যে জাতীয় জীবনে নজরুলের তাৎপর্য প্রসঙ্গে আলোকপাত করেন। পরে বিভাগের সিনিয়র লেকচারার শারমিনুর নাহার সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন।









