দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর পরিচালিত একটি প্রকল্প ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’। প্রকল্পটির আওতায় এক লাখ ৬৫ হাজারের বেশি শ্রমিক রয়েছে। এসব শ্রমিকের মজুরি গভর্মেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে বিকাশের মাধ্যমে বিতরণ করা হবে। উপকারভোগীরা ২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পাবেন।
সম্প্রতি, এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও বিকাশ একটি চুক্তি সই করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুল হক এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর পরিচালিত ইজিপিপি সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমে দুঃস্থ পরিবারের কর্মক্ষম বেকার সদস্যরা স্বল্পমেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র নিরসন, দুর্যোগ ঝুঁকিহ্রাসে সক্ষমতা বাড়ানোসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কার ইত্যাদি কাজে ভূমিকা রাখছেন।









