চায়না আমদানি ও রফতানি মেলা বা ক্যান্টন ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার (অক্টোবর) এ মেলা শুরু হয়। চীনের ঐতিহ্যবাহী মেলায় বিশ্বের সর্বাধুনিক এআই বেজড স্মার্ট প্রযুক্তির ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনের ২ দশমিক ১ নম্বর হলে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। যেখানে প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য। এর মধ্যে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তিতে তৈরি বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি ও মোবাইলের মাদারবোর্ড। মেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচারযুক্ত নানা পণ্য প্রদর্শন করছে ওয়ালটন।
ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ বলেন, ‘ক্যান্টন ফেয়ার হচ্ছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো। প্রতি বছর পৃথিবীর সব প্রান্ত থেকে কয়েক লাখ ব্যবসায়ী ক্যান্টন ফেয়ারে আসেন। এখানে বিশ্বের সেরা মান ও অত্যাধুনিক ফিচারের পণ্য নিয়েই হাজির হয়েছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন উচ্চমানের পণ্য দিয়ে বিশ্বের যেকোনও ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।’









