বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে ড্যাফোডিল এআই-এর ছয়টি প্রকল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (IoT), রোবোটিক্স ও অটোমেশন প্রযুক্তিনির্ভর এসব উদ্ভাবন দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সড়ক অবকাঠামো ও স্মার্ট অটোমেশনের মতো বাস্তব সমস্যা সমাধানে নতুন সম্ভাবনা তুলে ধরছে।
দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বিত এআই, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা নিয়ে অংশ নিয়েছে ড্যাফোডিল এআই।
শনিবার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি ড্যাফোডিলের স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রকল্প সম্পর্কে অবহিত হন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব
ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মো. নূরুজ্জামান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









