ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুরুর দিনে ১৯৬ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্যারিবীয়দের হন্তারক ছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৫২ রানে একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। আর এমন উইকেটে ক্যারিবীয়দের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে অবাকই হয়েছেন এই স্পিনার।
জ্যামাইকায় দিন শেষে এই স্পিনার বলেছেন, ‘আমি আসলে অবাকই হয়েছি। ওরা টস জিতে ব্যাটিং নিয়েছে। ওরা যেই মানের দল তাতে এই সিদ্ধান্ত অবাক করার মতোই ছিল। উইকেটেও সেরকম কিছু ছিল। যেটা বিরাট কোহলি টসের সময় বলেছেন।’
১৯৬ রানে অলআউট হলেও ক্রিজে প্রতিরোধ দিয়েছেন মারলন স্যামুয়েলস ও জার্মেইন ব্ল্যাকউড। স্যামুয়েলস ৩৭ রান করলেও ব্ল্যাকউড করেছেন ৬২ রান। আর এই দুজনের জুটিই ভয় দেখাচ্ছিল সফরকারীদের। কিন্তু এই জুটি ভাঙেন অশ্বিন। মধ্যাহ্নভোজের আগেই এই জুটি ভেঙে ক্যারিবীয়দের প্রতিরোধ গুঁড়িয়ে দেন তিনি।
ক্যারিবীয়রা গুঁড়িয়ে গেলেও ভারত দিন শেষ করেছে ১ উইকেটে ১২৬ রান নিয়ে। ভারত পিছিয়ে ৭০ রানে। ক্রিজে আছেন লোকেশ রাহুল ৭৫ ও পূজারা ১৮।
/এফআইআর/








