দলে নেই নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।
দলে নেই নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। যদিও সিরিজ উপলক্ষে স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। বুধবারই এই স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।
বলা হচ্ছে, ভারতে টেস্ট সফরকে সামনে রেখে নতুন মুখগুলোকেই দলে টানা হবে এই সিরিজে। কারণ সময় মিলছে না দেখেই এই ভাবনা। ভারতের টেস্টকে সামনে রেখে এই সিরিজে থাকবেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড, উসমান খাজা ও মিচেল মার্শ।
এই অবস্থায় বলতে গেলে উভয় সঙ্কটে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ ফেব্রুয়ারি শেষ ম্যাচের পর দিনই ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট। যেই সূচি নিয়ে খেদ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া দলের অনেকেই। ওয়ার্নার নিজেই অসন্তোষ প্রকাশ করে সূচিকে বলেছেন, ‘খুবই বাজে।’
ফিঞ্চ যদিও শ্রীলঙ্কা সিরিজে নেতৃত্বে থাকছেন। এর আগে গত বছর তার কাছ থেকেই অধিনায়কত্বের দায়িত্ব বুঝে পান স্মিথ। তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্ব চালু করতেই এমনটি করেছিল অস্ট্রেলিয়া।
তাই হঠাৎ এই দায়িত্ব বুঝে পাওয়ায় রোমাঞ্চ অনুভব করছেন ফিঞ্চ, ‘পুনরায় দলের দায়িত্ব বুঝে পাওয়ায় সত্যি রোমাঞ্চিত। স্মিথের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবো।’
এর আগে সোমবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আপদকালীন দায়িত্ব পালন করেছিলেন ফিঞ্চ। ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড ইনজুরিতে পড়াতেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি।
/এফআইআর/








