আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যেই ওয়ানডে সিরিজের চার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম ও শুভাগত হোম শ্রীলঙ্কায় চলে এসেছেন।
বাংলাদেশ টেস্ট দল যখন কলম্বোর পি সারা ওভালে শততম টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে নেমেছে। তখন প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটারসহ টেস্ট স্কোয়াডের দুই ক্রিকেটার অনুশীলন করেছেন।
রবিবার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের তত্ত্বাবধানে মাশরাফি, তাসকিন, রুবেল, মাহমুদউল্লাহ, সোহান, শুভাগত ও সানজামুল অনুশীলন করেছেন। স্টেডিয়ামের নেটে তারা প্রায় ঘণ্টা দেড়েক স্কিল অনুশীলন করে কাটিয়েছেন।
মাশরাফি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশ শততম টেস্ট ম্যাচটি জিতলে, ওয়ানডে সিরিজের আগে দল হিসেবে চাঙা থাকবে। যা সীমিত ওভারের ক্রিকেটে ইতিবাচক ফল আনার জন্য যথেষ্ট সহায়ক হবে।’
সোমবার বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন পর্ব রয়েছে। এরপর মঙ্গলবার পুরো দল নিয়ে অনুশীলন করে আগামী ২২ মার্চ ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ওই প্রস্তুতি ম্যাচে অংশ নিতে এরই মধ্যে সাইফউদ্দিন ও আবুল হাসান সোহান বাংলাদেশ থেকে রওয়ানা হয়েছেন। আজ সন্ধ্যায় তারা শ্রীলঙ্কায় এসে পৌঁছাবেন।
২৫, ২৮ মার্চ ডাম্বুলায় এবং ১ এপ্রিলে কলম্বোতে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোতে দুটি টি-টোয়োন্টি খেলে ৭ তারিখে দেশের উদ্দেশে বিমানে চড়বে মাশরাফিরা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান।
/আরআই/এফআইআর/








