ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ফলে প্লে অফে যেতে বাকি ম্যাচে জয় প্রয়োজন পাঞ্জাবের। এই অবস্থায় বাকি তিন প্লে-অফ স্পটের জন্য এখন লড়াইয়ে আছে চারটি দল!
শুরুতে টসে হেরেই ব্যাট করতে নামে পাঞ্জাব। হয়তো মুম্বাইয়ের ধারণাই ছিল না খেলতে নেমে টর্নেডো বইয়ে দেবেন সাহা। ৫৫ বলে অপরাজিত ছিলেন ৯৩ রানে। যাতে ছিল ১১টি চার ও ৩টি ছয়। সঙ্গে ম্যাক্সওয়েলও ছিলেন বিধ্বংসী। ২১ বলে ২টি চার ও ৫ ছয়ের সাহায্যে করেন ৪৭ রান। যদিও এই রানে তাকে ফেরান বুমরাহ। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।
জবাবে খেলতে নেমে মুম্বাইও জবাব দেয় সমান তালে। উদ্বোধনী জুটিতেই আসে ৯৯ রান। তবে প্যাটেল ৩৮ রানে ফিরলে ধাক্কা খায় মুম্বাই। কিছুক্ষণ পর হাফসেঞ্চুরি করে ৫৯ রানে বিদায় নেন সিমন্সও। এর পর থেকেই ধীরে ধীরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২৩ রানে থামে তারা। শেষ দিকে পোলার্ড ৫০ রানে অপরাজিত থাকলেও জয়ের মুখ দেখেনি রোহিত শর্মার দল।
পাঞ্জাবের পক্ষে দুটি উইকেট নেন মোহিত শর্মা। একটি করে নেন সন্দীপ, প্যাটেল, ম্যাক্সওয়েল ও রাহুল।
/এফআইআর/








