প্রাক মৌসুম ক্লাসিকো জিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যেখানে দ্বিতীয় গোলটি আসে ইভান রাকিটিচের পা থেকে। আর সেই ম্যাচেই রেফারির হাতে অপমানিত হওয়ার দাবি করেছেন বার্সার এই মিডফিল্ডার!
মিয়ামিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হওয়া ওই ম্যাচের রেফারি ছিলেন যুক্তরাষ্ট্রের -মারুফো। আর এই রেফারির সঙ্গে বেশ কয়েকবার বিতণ্ডায় জড়াতে দেখা গেছে রাকিটিচকে। এ নিয়ে সরাসরিই অভিযোগ করেন তিনি, ‘বেশ কয়েকবারই সে আমাকে অপমান করেছে। তিনবারের মতো এমন কাণ্ডটি হয়েছে। তবে তাদের প্রতি আমার কিন্তু অনেক শ্রদ্ধা রয়েছে। তারা যখন সেটি রাখার মতো কাজ করে না, তখন আর বিষয়টি ভালো লাগে না।’
সহজে রাগেন না রাকিটিচ- এমনটাই দাবি তার। কিন্তু রেফারি তাকে নাকি বেশ ভুগিয়েছেন এই ম্যাচে, ‘যারা আমাকে চেনে, তারা কিন্তু জানে যে আমাকে রাগানো সহজ না। আর রেফারি সেই কাজটিই করেছে।’
দ্বিতীয়ার্ধে ফাউলের সিদ্ধান্ত নিয়েই তর্কে জড়ান রেফারি ও ক্রোয়েশীয় এই তারকা। এমনকি পরিস্থিতি ধাক্কা-ধাক্কি পর্যন্তও গড়িয়েছে। যদিও শেষ পর্যন্ত কড়া কিছুর মুখোমুখি হতে হয়নি তাকে। ওই ঘটনার পরেই মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়। তার জায়গায় বদলি আরেকজনকেই নামান বার্সা কোচ।– গোলডটকম।
/এফআইআর/








