এমনিতেই আর্থিক সংকটে রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। তার ওপর যোগ হয়েছে টেস্ট সিরিজ থেকে লভ্যাংশ না পাওয়া। এমন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড! তাই টেস্ট ম্যাচের সংখ্যা কমাতে ভাবতে শুরু করে দিয়েছে জিম্বাবুয়ের বোর্ড। এছাড়া শুরু হতে যাওয়া নতুন টেস্ট লিগেও তাদের থাকতে হচ্ছে না। এমন তথ্যেও আনন্দিত এই বোর্ড।
টেস্ট নিয়ে ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল হাসনাইন জানালেন, ‘টেস্ট নিয়ে আমাদের ভাবনা এই যে- সেটি আয়োজনে অনেক টাকা ঢালতে হয়। আর সেটাই আমাদের এই মুহূর্তে নেই।'
কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্টের সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। যাতে তাদের খরচ হয়েছে প্রায় ১০ লাখ ডলার। আর্থিক সংকটে থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য এই খরচ অবশ্যই বেশি। তাই আইসিসির কাছে খেলার বেশ কিছু নিয়ম শিথিল করতে ইতোমধ্যে কথাও বলে রেখেছে জিম্বাবুয়ে। এই যেমন ডিআরএস ব্যবহারে বাধ্যবাধকতা না রাখা।
মূল কথা ঘরের মাঠে টেস্ট না খেলে দেশের বাইরেই টেস্ট খেলতে আগ্রহী জিম্বাবুয়ে। সেই লক্ষ্যে আপাতত ঘরের মাঠে ওয়ানডে, টি-টোয়েন্টি ও ওয়ানডে লিগ নিয়েই ভাবতে চাইছে তারা। যাতে করে ভুগতে থাকা সংকট কাটিয়ে উঠা যায়। এ প্রসঙ্গে ফয়সাল হাসনাইন আরও জানান, ‘অবশ্যই টেস্ট খেলতে চাই। তবে সাম্প্রতিক অবস্থায় সেটা দেশের বাইরে। খরচ বাঁচাতেই এমন চিন্তা। আপাতত ওয়ানডে লিগ ও টি-টোয়েন্টি খেলতে চাই। যাতে করে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারি।’








