অধিনায়ক হওয়ার পর থেকেই রেকর্ড বুকে নিজেকে ভিন্নভাবে চেনাচ্ছেন বিরাট কোহলি। এই যেমন রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে ভিন্ন এক রেকর্ড গড়েছেন। এক বছরে অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। এই বছরে সব ফরম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি করেছেন কোহলি।
এর আগে এই রেকর্ডটি করেন রিকি পন্টিং। ২০০৫ ও ২০০৬ সালে দুবার মোট সেঞ্চুরি করেছেন ৯টি। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথও ২০০৫ সালে এমনটি করেছিলেন।
ভারতীয় অধিনায়ক হিসেবেও টেস্টে সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন কোহলি। সুনিল গাভাস্কার ৪৭ টেস্টে হাঁকিয়েছিলেন ১১টি সেঞ্চুরি। আর কোহলি ৩১তম টেস্টেই সেই রেকর্ড ছাড়ালেন। তার টেস্টে সেঞ্চুরির সংখ্যা এখন ১২টি। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলীর সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছাড়া করতে আর মাত্র একটি সেঞ্চুরির প্রয়োজন কোহলির।
ভারতীয় অধিনায়কদের সর্বাধিক টেস্ট সেঞ্চুরি
নাম | অধিনায়ক থাকাকালীন সময় | ম্যাচ | সেঞ্চুরি |
বিরাট কোহলি | ২০১৪-২০১৭ | ৩১ | ১২ |
সুনিল গাভাস্কার | ১৯৭৬-১৯৮৫ | ৪৭ | ১১ |
মোহাম্মদ আজহারউদ্দীন | ১৯৯০-১৯৯৯ | ৪৭ | ৯ |
শচীন টেন্ডুলকার | ১৯৯৬-২০০০ | ২৫ | ৭ |
মহেন্দ্র সিং ধোনি | ২০০৮-২০১৪ | ৬০ | ৫ |
সৌরভ গাঙ্গুলী | ২০০০-২০০৫ | ৪৯ | ৫ |








