অস্ট্রেলিয়ার কোচ হতে অনেক দিন ধরে আগ্রহী ছিলেন রিকি পন্টিং। কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছিলেন। সেখানে টি-টোয়েন্টিতে দলকে কোচিং সহায়তা দিতে সম্মত হয়েছিলেন। সেই আলোচনার প্রেক্ষিতে পন্টিংকে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। হেড কোচ ড্যারেন লেম্যানের অধীনে কাজ করবেন সাবেক এই অধিনায়ক।
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কাজ করেছিলেন পন্টিং। তার সঙ্গে ছিলেন জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পি। এছাড়া কিছুদিন আগে আইপিএল দল দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। সেই সুবাদে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পাওয়া আগাম কিছুরই ইঙ্গিত বহন করছে। তাই এমন খবর পেয়ে পন্টিং জানান, ‘টি-টোয়েন্টি ক্রিকেট ঘিরেই এখন সময়টা কাটছে। বিগব্যাশে ধারাভাষ্য ও আইপিএলে কোচিং-সব কিছুতেই আমার দখল ভালো। তাই দেখা যাক বিষয়গুলো কতদূর যায়।’
লেম্যানের লক্ষ্য ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে আসন্ন সিরিজই হতে যাচ্ছে যাত্রার শুরু, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার এই শিরোপাটাই নেই। তাই ঘরের মাঠে এই শিরোপা জিতে সেই খরা কাটানোর এটাই সুবর্ণ সুযোগ। সেই লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি এখনই শুরু করা উচিত।’
ক্রিকেট অস্ট্রেলিয়া অনেক দিন ধরে ভিন্ন ফরম্যাটে কোচিং ভাগ করে দেওয়ার পরিকল্পনা করে আসছিল। বার বার এমন অ্যাসাইনমেন্ট ভিত্তিক কোচ নিয়োগে সেই পরিকল্পনার দিকেই যাচ্ছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ ফেব্রুয়ারি।








