ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলার চেয়ে বেশি আলোচনায় ছিল পিচ প্রসঙ্গ। এমনই ভয়াবহ পিচ ছিল যে ব্যাটসম্যানদের জন্য ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছিল। যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে দেখা গেছে প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগারকে। সেই এলগার পিচ নিয়ে উচ্চকণ্ঠ হয়েছেন ম্যাচের পর, ‘আমার মনে হয় এটা আগেই পরিত্যক্ত করা উচিত ছিল। তৃতীয় দিন পিচ খুব ভালো অবস্থায় ছিল না। ব্যাটসম্যানরা বার বার আঘাত পাচ্ছিলেন বলে। যদি পরিত্যক্ত করার প্রসঙ্গ উঠে, তাহলে সেটা আগে হওয়া উচিত ছিল।’
তৃতীয় দিন হেলমেটে বল লাগার পরই খেলোয়াড়দের মাঠ থেকে বের হয়ে আসতে বলেন ম্যাচ রেফারি। নির্ধারিত সময়ের ১৯ মিনিট আগে এমন ঘটনায় অপ্রস্তুত দেখা গেছে বিরাট কোহলিকেও। অবশ্য পরের দিন ঠিকঠাক খেলে গেছেন এলগার। অপরাজিত ছিলেন ৮৬ রানে। এমন ভয়াবহ অবস্থায় বলের আঘাতে মারা যাওয়া ফিল হিউজের প্রসঙ্গ টেনে এনেছেন এলগার, ‘ক্রিকেটে মাথায় বল লেগে মারা যাওয়ার উদাহরণ আছে। অস্ট্রেলিয়ায় যা হয়েছে, সেরকম কিছু এখানেও হতে পারতো। লোকজন টেস্ট দেখতে চায়, তবে আমরাও কিন্তু মানুষ। আমরা এভাবে আঘাত নিতে লাইনে দাঁড়িয়ে যেতে পারি না। এরকম পরিস্থিতি আগেই সামলানো যেত।’








