ওমরাহ থেকে গতকাল রাতে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। ফিরেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে ছিলেন সফল। আবাহনীতে বিনিময়ে খেলতে আসা মাশরাফি বল হাতে ৭ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। তার ম্যাচ সেরা নৈপুণ্যের দিনে খেলাঘরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী।
বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খেলাঘর। যদিও ব্যাট হাতে দলটি ছিল অসহায়। আবাহনীর বোলিং তোপে সেভাবে প্রতিরোধ দিতে না পারায় ৪১ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় নাফিস ইকবালের দল। সর্বোচ্চ ৪৩ রান করেন মইনুল ইসলাম। এছাড়া অমিত মজুমদার ৩৭ ও অধিনায়ক নাফিস ইকবাল ১৯ রান করেন।
মাশরাফির মতো বল হাতে সফল ছিলেন সানজামুল ইসলাম ও সাকলায়েন সজীবও। মাশরাফির মতো দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। একটি নিয়েছেন অধিনায়ক নাসির।
১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনী ২৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান। এনামুল হক ৮৬ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দেন। তার ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। আরেক ওপেনার অশোকের বলে বোল্ড হয়ে ফেরার আগে করেন ৩৯ রান। এরপর এনামুলের সঙ্গী হন নাজমুল হাসান। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি।








