টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে পাত্তাই পেলো না জিম্বাবুয়ে। টানা দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে আফগানরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানরা জিতেছে ১৭ রানে। টানা দ্বিতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি।
গত ম্যাচে টস জিতলেও এই ম্যাচে টস হেরেই ব্যাট করতে নামে আফগানিস্তান। টপ অর্ডারদের ভূমিকায় এক পর্যায়ে মনে হচ্ছিল বড় সংগ্রহ পাবে আফগানরা। কিন্তু শেষ দুই ওভারে হঠাৎ ধসে সে সম্ভাবনা আর ধরা দেয়নি। মাত্র ১০ বলের ব্যবধানে হারিয়ে বসে ৫ উইকেট! সর্বোচ্চ ৪৫ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। ২৬ বলের এই ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়। এছাড়া ১৮ বলে নাজিবুল্লাহ জাদরান ২৪ ও কারিম সাদিক ২৮ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন টেন্ডাই চাতারা। দুটি করে উইকেট নেন কাইল জার্ভিস, গ্রায়েম ক্রেমার, ও ব্লেসিং মুজারাবানি।
জবাবে খেলতে নেমে জিম্বাবুয়েও চেষ্টা করেছিল। কিন্তু প্রতিপক্ষের বোলিংয়ে সেভাবে জবাব দিতে পারেনি। সিকান্দার রাজা ২৬ বলে ৪০ ও রায়ান বার্ল ৩০ বলে ৩০ রান করেছেন সর্বোচ্চ। ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পারে ১৪১ রান।
আফগানদের পক্ষে দুটি করে উইকেট নেন রশিদ খান ও মুজিবুর রহমান। একটি নেন মোহাম্মদ নবি।








