আবারও ছন্নছাড়া ব্যাটিং!

রবিউল ইসলাম
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৯

নিজেদের ভুলটাগুলো প্রকট হয়ে ধরা দিচ্ছে আবার।  ছবি- বিসিবি অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে বৃহস্পতিবার সকালটা শুরু হয়েছিল।  একদিকে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাল আবহ অন্যদিকে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শেষ টেস্টের হিসেব-নিকেষ।  পুরো দিনটাই কেটেছে রাজনৈতিক উৎকণ্ঠায়! মুদ্রার একপিঠ যখন এমন, তখন অন্য পিঠে ২২ গজে পাওয়া যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ! শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত সময় কাটলেও বাংলাদেশের ব্যাটিংটা ছিল ফের ছন্নছাড়া!

পরিস্থিতি উত্তপ্ত বলে রাজপথের পাশাপাশি স্টেডিয়ামের আশপাশে ছিল কড়া নিরাপত্তা।  বিএনপি নেত্রীর রায়ের পর স্টেডিয়ামে নতুন কাউকে ঢুকতে দেওয়াতো দূরে থাক, গ্যালারির কাউকে বের হতেও দেওয়া হয়নি। এমন নিরাপত্তায় অবশ্য মুশফিক-তামিমদের খুব একটা লাভ হয়নি।  লঙ্কান যোদ্ধারা শেষ বিকালে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ছিন্নভিন্ন করে উল্লাসে মেতে উঠেছিল। ড্রেসিংরুম থেকে খালেদ মাহমুদ সুজনকেও এসময় দেখা গেছে বিষন্ন।  আর বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহে তার মুচকি হাসিটা যেন লুকিয়ে রাখতে পারলেন না! যেই দৃশ্য ভক্তদের হৃদয়ের ক্ষতটাকে বাড়িয়েছে আরও দ্বিগুণ!

মিরপুরে এই উইকেট নিয়ে আলোচনা হচ্ছিল ম্যাচের আগে থেকেই।  স্পিন সহায়ক উইকেটের প্রভাবটা টের পাওয়া গেছে প্রথম দিন।  সফরকারী হয়ে এমন স্পিন উইকেটে লঙ্কান যোদ্ধাদের ফাঁদ পাততে হয়নি! উল্টো বাংলাদেশের ব্যাটসম্যানরাই উইকেট বিলিয়ে দিয়েছেন।   

ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও মাঠে তাদের পরিকল্পনার ঘাটতি বরাবরের মতো আজও স্পষ্ট ফুটে উঠেছে।  নয়তো এমন উইকেটে তামিমকে যেখানে ধরে খেলার কথা; তিনি কিনা লেগ ফরওয়ার্ডে খেলতে গিয়ে রিটার্ন ক্যাচ দিলেন প্রথম ওভারে! শটটা খেলে তামিম নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে!

আগের দুই ইনিংসে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়া মুমিনুল হকও খামখেয়ালী করে আউট হলেন। প্রান্ত বদল করতে গিয়ে ক্রিজে পৌঁছালেও ব্যাট স্পর্শ না করার দোষটা কি তিনি উইকেটকে দেবেন? ভুলের এখানেই শেষ নয়। একই ভুলের মাশুল দিয়েছেন সাবেক টেস্ট ক্যাপ্টেন মুশফিকও। অফস্টাম্পের সামনে পড়ে সুইং করে ভেতরে ঢুকতে থাকা বল কীভাবে ছাড়েন মুশফিক? এই ছোট ছোট ভুলগুলোই ম্যাচের হিসেবকে কঠিন করে তুলছে।

ইনিংসের শেষ দুই ওভার যেখানে টিকে থাকা মানেই ‘বড়’ কিছু করা।  সেখানও ধরা দিয়েছে ব্যর্থতা। অভিজ্ঞ ইমরুল সোজা ব্যাটে খেলতে গিয়ে বলের লাইন মিস করলে বলটি গিয়ে লাগে প্যাডে। তাতে লেগবিফোরের ফাঁদে পড়ে একটি রিভিউ নষ্ট করেন তিনি। আগের ম্যাচে রিভিউ না নিয়ে ভুল করেছিলেন, এই ম্যাচে রিভিউ নিয়েও ভুল করলেন। দলকে ফেললেন অথৈ সাগরে।

ফিরে যাওয়া এই চার ব্যাটসম্যান কি উইকেটের দোষ দিতে পারবেন? টেস্ট শুরুর আগে উইকেট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।  মিরপুরের উইকেট ঐতিহাসিক ভাবেই স্পিনবান্ধব। এই উইকেটে ব্যাটসম্যানদের সংগ্রাম করেই রান করতে হয়। লঙ্কান ব্যাটসম্যানরা আজ সংগ্রাম করেই রান করেছেন। কিন্তু বাংলাদেশ অহেতুক শট খেলতে গিয়ে আত্মাহুতি দিয়েছে। 

অথচ সুন্দর সকালের শেষ বিকালটা দারুণভাবে রাঙানোর সুযোগ ছিল মুশফিকদের।  প্রত্যাশিতভাবেই উইকেটে স্পিনারদের আধিপত্য ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার স্পিনাররা তুলে নিয়েছেন ৯টি উইকেট।  পেসাররা পেয়েছেন চারটি। বাকি একটি রান আউট। আজকে দুই দল মিলিয়ে ১৪টি উইকেটের পতন ঘটেছে।  যদিও একদিনে ২৭ উইকেট পতনের রেকর্ডও আছে।  বাংলাদেশের মাটিতে ১৮ উইকেট পতনের রেকর্ডও আছে। ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একদিনে উইকেটের পতন হয়েছিল ১৮টি।  যদিও ওই ম্যাচে টেস্টের তৃতীয় দিনে এই ঘটনা ঘটেছিল।

এমন হতাশার দিনে বাংলাদেশ এখনও পিছিয়ে ১৬৬ রানে।  টাইগারদের হাতে রয়েছে ৬টি উইকেট। বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে সাব্বির ও মাহমুদউল্লাহ।  তাই দ্বিতীয় দিনে বাংলাদেশের জন্য টিকে থাকা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে। ম্যাচের দ্বিতীয় দিনে উইকেটের ঘূর্ণি আরও বাড়বে।  লঙ্কানদের বিপক্ষে লিড নেওয়ার আশা টিকিয়ে রাখতে হলে লিটন-মিরাজের জুটিতে প্রথম সেশনের এক ঘণ্টা অন্তত ব্যাটিং করতে হবে। সেক্ষেত্রেই কেবল স্কোরবোর্ডে পর্যাপ্ত রান যোগ করা সম্ভব।  নয়তো এই টেস্ট আড়াই কিংবা তিন দিনেই শেষ হয়ে যেতে পারে! তাই শুক্রবার নতুন দিনে, নতুন পরিকল্পনা নিয়ে নামতে হবে বাংলাদেশকে- এমন প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম