অকল্যান্ডে দিবা-রাত্রির টেস্টে জয় দেখছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ বলে ইংলিশ অধিনায়ক জো রুটকে বিদায় দিয়ে স্বস্তিতে আছে কিউইরা। ইংলিশরা দিন শেষে করেছে ৩ উইকেটে ১৩২ রানে। প্রথম ইনিংসে ৫৮ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড এখনও পিছিয়ে ২৩৭ রানে! তাই শেষ দিনে জয় পেতে ৭ উইকেট চাই স্বাগতিকদের।
ট্রেন্ট বোল্টের বাউন্সে খেলার শেষভাগে মলিন মুখে বের হয়েছে ইংল্যান্ড দল। জো রুটকে গ্লাভসবন্দি করেন বিজে ওয়াটলিং। রুট আউট হয়েছেন ৫১ রানে। আগের দিন ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শেষ করা নিউজিল্যান্ড এদিন ৮ উইকেট হারিয়ে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে। হাফসেঞ্চুরিয়ান হেনরি নিকোলসই আলো ছড়িয়েছেন বেশি। অপরাজিত ছিলেন ১৪৫ রানে।
জবাবে খেলতে নেমে দলীয় ৬ রানে অ্যালিস্টার কুককে হারায় ইংল্যান্ড। রুট ও স্টোনম্যান মিলে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। দলীয় ৯৪ রানে এই জুটি ভাঙেন ওয়াগনার। ৫৫ রানে ওপেনার স্টোনম্যানকে তালুবন্দি করেন বোল্ট। দিন শেষে ১৯ রানে ক্রিজে ছিলেন ডেভিড মালান।








