ফিক্সিং কাণ্ডের পর থেকে মোহাম্মদ আমিরের ভোগান্তির অপর নাম হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা। এক যুক্তরাজ্য সফরেই এমন জটিলতার মুখে পড়েছেন বেশ কয়েকবার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে পাকিস্তান বিমানে চড়লেও ভিসা জটিলতায় তাদের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। শুরুতে এ নিয়ে ঝামেলা হলেও মঙ্গলবার অবশেষে ভিসা পাওয়ার খবর পেয়েছেন পাকিস্তানি এই পেসার।
ভিসা প্রাপ্তির ফলে বুধবার দলের সঙ্গে যোগ দিতে বিমানে চড়বেন আমির। দ্রুত সব কাজ সম্পন্ন হওয়াতে চারদিনের প্রস্তুতি ম্যাচে খেলার দ্বার উন্মুক্ত থাকলো আমিরের।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, এই সপ্তাহেই ভিসা পেয়ে যাবেন আমির। প্রশ্ন উঠেছে কেন বার বার আমিরের ক্ষেত্রেই এমন জটিলতা? এর কারণ এখনও পরিষ্কার নয়। তবে কেউ বলছেন যুক্তরাজ্যে আলাদাভাবে দীর্ঘমেয়াদী স্পাউস ভিসার আবেদন করে বসে আছেন তিনি। তাতেই নাকি যত বিপত্তি। যদিও পিসিবি জানায় ভিন্ন কথা, ‘সে আমাদের সঙ্গে ভিসা হয়নি বলেই যেতে পারেনি। আমরা তার ভিসা পাওয়ার অপেক্ষায় আছি।’
যুক্তরাজ্যে এবারই প্রথমবার ভিসা জটিলতায় পড়েননি আমির। ফিক্সিংয়ে জড়িয়ে সেখানে জেল খেটেছেন। ২০১৬ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরেও এমন জটিলতার মুখে পড়েছিলেন। ইসিবি সদয় হওয়াতে সেবার সমস্যার সমাধান দ্রুত হয়ে গিয়েছিল। ২০১৪ সালে ব্যক্তিগতভাবে সেখানকার ভিসা পেতে আবেদন করলেও তার আবেদন গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
আমিরের জটিলতার অবশ্য কারণ থাকতেও পারে! ২০১৬ সালে পাকিস্তানি বংশোদ্ভুত যুক্তরাজ্য নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির। এরপর থেকে সেখানে নিয়মিত আসা যাওয়া রয়েছে তার। এমনকি গত বছর এসেক্সের হয়ে কাউন্টিও খেলেছেন। প্রথম সন্তানের জন্মদানের সময়েও ছিলেন পরিবারের সঙ্গে। জানা গেছে, সেখানে ব্রিটিশ পাসপোর্ট পেতে ইতোমধ্যে আবেদন করার প্রক্রিয়ায় আছেন আমির!








