স্কুল ক্রিকেটের ফাইনালে নাম লিখিয়েছে সিলেট বিভাগে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারী জুবিলি হাই স্কুল এবং রাজশাহী বিভাগে সেরা বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু আউটফিল্ড প্রস্তুত না থাকায় ফাইনালের ভেন্যু সিলেট করা হয়েছে।
সেমিফাইনালের মতো কোয়ার্টার ফাইনালেও বৃষ্টির প্রভাব ছিল। তাতে বিপত্তিতে পড়েছে তামিম ইকবালের শৈশবের স্কুল সানশাইন গ্রামার স্কুল। মৌলভীবাজারে টানা বৃষ্টির কারণে রিজার্ভ ডে'তেও শেষ হয়নি প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। উপায় না দেখে নিয়ম মেনে টস ভাগ্যে ফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুল।
মৌলভী বাজার জেলা স্টেডিয়ামে বুধবার টস জিতে সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুল ৩১ ওভারে ৫ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির বাধায় পুরোদিনে একটি বলও গড়ায়নি। বৃহস্পতিবারও ছিল না কোনও সুখবর। টানা বর্ষণের কারণে শেষ পর্যন্ত বাইলজ অনুযায়ী টস ভাগ্যে নির্ধারিত হয় বিজয়ী।
এর আগে বৃষ্টির কারণে এই ভেন্যুর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও পণ্ড হয়। টস ভাগ্যে নির্ধারিত হয় দ্বিতীয় সেমিফাইনালিস্ট।
এদিকে বৃষ্টির বাধায় খেলা বিঘ্ন হয়েছে টাঙ্গাইলেও। বৃষ্টি আইনে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগের সেরা বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। কমিয়ে আনা ২১ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২ উইকেটে ৪৫ রানের স্বল্প পুঁজি গড়ে চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ।
৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ২ ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। মিডল অর্ডারে ম্যাচ সেরা খালিদ মাহমুদের ২১ আর রেদওয়ান ইসলাম-তানভিরের ব্যাটিং দৃঢ়তায় প্রায় ৭ ওভার আর ৫ উইকেট হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়নরা।








