লর্ডসে হারের ক্ষতটা এখনও দগদগে ইংল্যান্ডের। তাই হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে সব বিভাগে চেষ্টা করছে স্বাগতিকরা। বোলারদের দাপটে পাকিস্তানকে ১৭৪ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটসম্যানরাও রয়েছেন দৃঢ়চেতা মনোবলে। প্রথম দিন স্বস্তিতে শেষ করেছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে তারা দিন শেষ করেছে ১০৬ রানে। এখনও পিছিয়ে ৬৮ রানে।
ইংলিশদের বোলিং তোপে আরও ভয়ানক লজ্জাতেই পড়তে হতো পাকিস্তানকে। ব্যাটসম্যানদের টানা ব্যর্থতায় এক পর্যায়ে স্কোর ছিল ৭ উইকেটে ৭৯ রান। শাদাব খানের ৫৬ রান সেই লজ্জা থেকে বাঁচিয়েছে সফরকারীদের। শাদাব খানই ছিলেন সর্বোচ্চ স্কোরার।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড তিনটি করে উইকেট নেন।
প্রথম দিনে আরও চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়ে যেতে পারতো স্বাগতিক ইংল্যান্ড। শেষ বেলায় ওপেনার অ্যালিস্টার কুক ফিরে গেছেন ৪৬ রানে। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকা এই ওপেনারকে ফেরান হাসান আলী। এর আগে দলীয় ৫৩ রানে ওপেনার জেনিংসকে ২৯ রানে ফেরান ফাহিম আশরাফ। ক্রিজে আছেন অধিনায়ক জো রুট (২৯) ও ডমিনিক বেস (০)।








