ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ দলীয় স্কোরটা কত? রেকর্ড বুক ঘেঁটে বলতেই পারেন পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের করা ৪৪৪? ২০১৬ সালে ছেলেদের গড়া এমন রেকর্ডকে আরও নস্যি বানিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। শুক্রবার ওয়ানডের সর্বকালের সর্বোচ্চ স্কোরটাকে তারা নিয়ে গেছে ৪৯০ রানে! তাও ৪ উইকেটের বিনিময়ে।
মেয়েদের ওয়ানডেতে এই নিউজিল্যান্ডই পাকিস্তানের বিপক্ষে আগেরবার ৫ উইকেটে করেছিল ৪৫৫ রান। ১৯৯৭ সালে সেবার গড়েছিল এমন স্কোর। এবার নিজেদের সেই রেকর্ড ছাড়িয়ে তারা গড়েছে সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে স্কোর!
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতেই রানের পাহাড় গড়ে কিউই মেয়েরা। একসময় ৫০০ রান হবে বলে মনে হচ্ছিল। অধিনায়ক সুজি বেটস ও ৩ নম্বরে নামা ম্যাডি গ্রিনই ছিলেন পাদপ্রদীপের আলোয়। ৯৪ বলের বিধ্বংসী ইনিংসে করেন ১৫১ রান। ২৪ চারের বিপরীতে ছিল ২টি ছয়। সঙ্গী গ্রিন ৭৭ বলে ফেরেন ১২১ রানে। যাতে ছিল ১৫টি চার ও ১টি ছয়।
জবাবে আইরিশরা ধারে কাছেও যেতে পারেনি নিউজিল্যান্ডের। ৩৫.৩ ওভারে ১৪৪ রান তুলতেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। তবে আরেকটি দিক দিয়ে ইতিহাস গড়েছেন আইরিশ স্পিনার কারা মারে। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ওভারটা এখন তারই দখলে। ১০ ওভারে দিয়েছেন ১১৯ রান! তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন অজি মাইক লুইস। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার করা ১০ ওভারে এসেছে ১১৩ রান।








