শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনটিকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ৪৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে অতিথিরা। জবাবে তৃতীয় দিন শেষে মোসাদ্দেক ও সাব্বিরের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৬০ রান। স্বাগতিকরা পিছিয়ে ৮৯ রানে।
২ উইকেটে ৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে আরও ৩০ রান যোগ হতে সাজঘরে ফেরেন একমাত্র বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করা তুষার ইমরান। যদিও তুষারের বিদায়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি স্বাগতিকদের। লঙ্কানদের রানের পাহাড়ের বিপরীতে লড়াইটা করেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান।
আগের দিন ৮ রান নিয়ে খেলতে নামা মোসাদ্দেক থেমেছেন ১৩৫ রানে। তার আগে সাব্বিরকে নিয়ে ২০৯ রানের জুটি গড়েছেন। এই জুটিই মূলত তৃতীয় দিনে বাংলাদেশকে চালকের আসনে পৌঁছে দেয়। মোসাদ্দেক তার ১৩৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ২৩৪ বলে। তাতে ছিল ৯ চার ও ৩ ছক্কা।
মোসাদ্দেকের সেঞ্চুরির দিনে সাব্বিরও পেয়েছেন সেঞ্চুরি। শেষ সেশনের শেষ ঘণ্টায় ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান মারকুটে এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৪ রানই সাব্বিরের সর্বোচ্চ ইনিংস। সাব্বির ২৫৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৩টি চার ও দুটি ছক্কায়।
সাব্বিরের সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হোসেন (২৭)।
লঙ্কান বোলারদের মধ্যে নিসালা থারাকা, চারিথ আসালঙ্কা, প্রবাথ জয়াসুরিয়া ও লাকশান সান্দাকান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে লাহিরু থিরিমানের ১৬৮ রানের ইনিংসের ওপর ভর করে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ৪৪৯ রান সংগ্রহ করে।








