ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। সিপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার জায়গায় বারবাডোস ট্রাইডেন্টসে খেলবেন স্টিভেন স্মিথ।
সাকিবের না থাকা প্রসঙ্গে নিশ্চিত করেছেন দলটির কোচ রবিন সিং। যদিও নিশ্চিত করে এর বিস্তারিত কিছু জানাতে পারেননি, ‘সাকিবের না থাকা আমাদের জন্যে ধাক্কার খাওয়ার মতো খবর। তবে তার জায়গায় স্টিভেন স্মিথের মতো বিশ্ব মানের একজনকে আমরা পেয়েছি। তার আসায় ব্যাটিং লাইন আপে শক্তি বাড়বে।’
বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞায় থাকা স্মিথ দ্বিতীয় কোনও টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন এবছর। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ক্যারিবিয়ান লিগে স্মিথের ফেরাটাও দীর্ঘদিন পর। ৫ বছর পর সিপিএলে খেলতে যাচ্ছেন। সবশেষ খেলেছেন ২০১৩ সালে। তার মতো সিপিএলে সেন্ট লুসিয়ার হয়ে খেলবেন আরেক নিষিদ্ধ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ডি অ্যার্কি শর্টের জায়গায় দলে স্থান পেয়েছেন অসিদের সাবেক ডেপুটি অধিনায়ক।
এবারের আসরে সিপিএল মাঠে গড়াবে ৮ আগস্ট। ৬ দল নিয়ে এই লিগ চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।








