ফ্লোরিডাতে বাঁচা-মরার লড়াইয়ে রবিবার মাঠে নেমেছিল বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্নটা টিকিয়ে রেখেছে সফরকারীরা। সোমবার সকালে একই ভেন্যুতে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল। সিরিজ নিশ্চিত করতে তৃতীয় ও শেষ ম্যাচটিতে নতুন পরিকল্পনা নিয়ে শুরু করতে হবে বলে মনে করেন তামিম ইকবাল।
টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দেওয়ার পর সংবাদ মাধ্যমে সোমবারের ম্যাচ নিয়ে তামিম বলেছেন, ‘কালকে নতুন করে শুরু করতে হবে। ম্যাচে যারা ভালো শুরু করবে, তারাই জিতবে। এটা মনে করার কোন কারণ নেই আজকে আমরা জিতে গিয়েছি বলে কালকেও আমরা জিতে যাবো। সোমবার জিততে গেলে আমাদের সব কাজগুলো সঠিকভাবে করতে হবে। যাদের যে দায়িত্ব, সেটা ভালো করে করতে হবে। তাহলেই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসবে।’
টেস্ট সিরিজে ব্যর্থতা থাকলেও ওয়ানডেতে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন তামিম। সবচেয়ে বেশি রান সংগ্রাহক ছিলেন সিরিজে। তিন ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তামিমের রান ২৮৭। ফর্মে থাকা তামিম অবশ্য প্রথম টি-টোয়েন্টিতে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। যদিও দ্বিতীয় ম্যাচে ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে আবারও নিজের জানান দিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া তামিম মনে করেন ফর্মে থাকা ক্রিকেটারদেরই দায়িত্বটা বেশি পালন করতে হয়, ‘ওয়ানডে সিরিজ জিতে যে ধরনের আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজে এসেছিলাম। হয়তো প্রথম ম্যাচটা যেভাবে খেলার দরকার ছিল, সেভাবে খেলতে পারিনি।কিন্তু আমরা আজকে ভালো ভাবেই ফিরে এসেছি। দলে অবদান রাখা ব্যক্তিগত ভাবে এবং দলের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভালো ফর্ম সব সময় থাকে না। ফর্মে থাকা ক্রিকেটারদের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেবে। যাতে অন্যের ওপর কিছুটা হলেও চাপ কম পরে।’
ফ্লোরিডাতে দ্বিতীয় ম্যাচ জিতলেও অলিখিত ফাইনালে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় পেতেই মরিয়া থাকবে টাইগাররা। তামিম মনে করেন, ‘ কোনও সন্দেহ নেই, টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বের সেরা দল। এই ম্যাচ জিতে তাদের চেয়ে আমাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেশি থাকবে। ক্রিকেট খেলাটা এমনই। তবে সামনের ম্যাচটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ম্যাচ। আমাদের দলে যার যার দায়িত্বটুকু ঠিক ভাবে পালন করলে, আমরা বিশ্বের যে কোন দলকে হারাতে পারি।’








