হেলমেটে বলের আঘাতে অজ্ঞান হয়ে যাওয়ার পূরণো ইতিহাস আছে ম্যাট রেনশ’র। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে। এমন ঘটনায় পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী টেস্টে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রবিবার দুবাইয়ে যখন এমন ঘটনা ঘটে তখন শর্ট লেগে ফিল্ডিং করছিলেন ম্যাট রেনশ। পাকিস্তান ব্যাটসম্যান আবিদ আলী পুল শট করলে তা গিয়ে লাগে রেনশর হেলমেটে। তাৎক্ষণিক এমন ঘটনায় হেলমেট খুলে মাথায় হাত দিয়ে বসে থাকেন কিছুক্ষণ। তারপরেই মেডিক্যাল স্টাফরা রেনশকে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে মাঠের বাইরে চলে আসেন বাড়তি পরিচর্যা নিতে।
আপাতদৃষ্টিতে কোনও ঝামেলা না হলেও নির্বাচকরা তাকে উদ্বোধনী টেস্টে খেলাবেন কিনা এ নিয়ে চিন্তা-ভাবনা করছেন। ফিল হিউজের মর্মান্তিক ঘটনার পর থেকে বেশ সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া। তার অবস্থা নিয়ে আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ জানান, ‘ও ঠিক আছে। মাথায় আঘাতটা খুব জোরেই লেগেছিলো। পুরো বিকাল মেডিক্যাল স্টাফদের সঙ্গে ছিলো। তবে এই মুহূর্তে তার উদ্যোমতার অভাব নেই। তার মাথা ব্যথাটা ধীরে ধীরে কমে যাচ্ছে।’
এর আগেওে হেলমেটে আঘাত লেগে অজ্ঞান হয়েছিলেন রেনশ। ঘরোয়া লিগে মার্চে এমন আঘাতে মাঠ ছেড়ে গিয়েছিলেন। গত বছর এই পাকিস্তানের বিপক্ষেই একই রকম আঘাতে মাঠ ছেড়ে যেতে হয়েছিলো।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৭ অক্টোবর।








