প্রথম ওয়ানডেতে পেসার রুবেল হোসেনের খেলা নিয়ে ছিলো অনিশ্চয়তা। যদিও রবিবার সকালে জানা গেলো তার না খেলার কথা। জ্বর সেরে ওঠলেও পুরোপুরি সুস্থ বোধ করছেন না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন দ্বিতীয় ম্যাচেও তার খেলা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা!
রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে তার খেলা হচ্ছে না তা জানিয়েছেন মিনহাজুল আবেদীন, ‘রুবেলতো জ্বরে ভুগছিলো তাই এই ম্যাচে আমরা ওকে বিবেচনা করবো না। যেহেতু ও পুরোপুরি সুস্থ হয়নি তাই ওকে ছাড়াই আমাদের নামতে হবে।’
ঢাকায় প্রথম ওয়ানডের পর পরের দুই ওয়ানডে হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নেও নিশ্চিত কোনও তথ্য দিতে পারলেন না প্রধান নির্বাচক, ‘পুরোপুরি সুস্থ থাকলে চট্টগ্রামের ওয়ানডেতে ও আমাদের ভাবনায় থাকবে। তখন ওকে বিবেচনায় রাখবো।’
আগেই জানা গিয়েছিলো রুবেল রবিবার খেলতে না পারলে তার জায়গা নিতে পারেন আবু হায়দার রনি অথবা সাইফউদ্দিন। আক্রমণাত্মক ব্যাটসম্যান আরিফুল হকও রয়েছেন এই তালিকায়। কারণ মিডিয়াম পেস বোলিংও করতে পারেন তিনি।








