জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠে নেমে অধিনায়ক ও মোস্তাফিজুর রহমান মিলে ৪ ওভার বোলিং করে সফলতার মুখ দেখেননি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে দুই ওপেনার সেই সুযোগে স্কোর বোর্ডে রান জমা করে ফেলতে থাকেন।
তরুণ পেসার সাউফউদ্দিনকে আনা হলে তিনি অধিনায়কের আস্থার প্রতিদান দেন সেই ওভারেই। তার শুরুর ওভারে মুশফিককে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাজে সময়ে থাকা মাসাকাদজা ঠিক মতো ব্যাট করতে পারছিলেন না এই ম্যাচেও। সাউফের ওভারে তার ফুট ওয়ার্কেও সমস্যা হচ্ছিলো। যার প্রমাণটা পাওয়া গেলো পঞ্চম বলে। ড্রাইভ করতে গেলে ব্যাটের কোনায় লেগে তা জমা পড়ে মুশফিকের হাতে।
দ্রুত উইকেট পড়ে গেলেও রানের চাকা সচল রাখেন ওপেনার ঝুয়াও ও ব্রেন্ডন টেলর। দুই জনের ঝটপট রান তোলার গতিতে জুটি দাঁড়ায় ৫২ রানের। তাদের জুটিটা লম্বা হতে দেননি মিরাজ। উঠিয়ে মারতে গিয়ে ২০ রানে ফজলে মাহমুদকে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার ঝুয়াও। তবে অপরপ্রান্ত আগলে আছেন আরেক মারকুটে ব্যাটসম্যান টেলর। ব্যাট করছেন ৩৪ রানে। জিম্বাবুয়ের সংগ্রহ ১৪ ওভারে দুই উইকেটে ৭৫ রান।








